নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বাগত বৈরাগী (২৫) নামে এক জনকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার (২ ডিসেম্বর) মধ্যরাতে জেলার সদর থানার সিংগা শোলপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত স্বাগত বৈরাগী ওই এলাকার খোকন বৈরাগীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বাগত বৈরাগী তার বাড়ির পাশে বিধানের মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সাথে ব্রাজিল ক্যামরুনের খেলা দেখার জন্য খিচুড়ি রান্না করে খাওয়া শেষে তাস খেলতে বসেন। তাস খেলার সময় তাস লুকিয়ে রাখার কারণে তার বন্ধু পিন্টুর সাথে হাতাহাতি হয়। পরে অন্য বন্ধুরা মিলে মিমাংসার জন্য চায়ের দোকানে কথাবার্তার এক পর্যায়ে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্বাগতকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যান যোগে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাশকতার খবর নেই, তবে নিরাপত্তা থাকবে: আইজিপি
স্থানীয়রা জানিয়েছে, স্বাগত বৈরাগী দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয় র্কীতন শিল্পী হিসাবে পরিচিত আছে।
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বাগত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যাকান্ডের মূল ঘটনা উদঘাটিত হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/আরবিএস
