নওগাঁর নিয়ামতপুরে পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে রাখা প্রায় ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। সেইসাথে মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
তবে বাড়ির মালিক রাব্বানী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের এলাকার মো. রাব্বানীর বাড়ীতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চিনিয়াতোলা গ্রামের সেতাউর রহমান (৪২), আসনপুর গ্রামের আব্দুল খালেক (৫৩) এবং শেরপুর গ্রামের মোহাম্মাদ নজরুল ইসলাম (৬৩)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির মালিক রাব্বানী পালিয়ে গেলেও তার বাড়ির একটি ঘরে রাখা কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার হয়।
আরও পড়ুন: ভোলায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে মূর্তি পাচারকারী সেতাউর রহমান, আব্দুল খালেক এবং মোহাম্মাদ নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মূর্তি উদ্ধার ও পাচারকারী তিনজনকে আটকের ঘটনায় র্যাবের পক্ষ থেকে বুধবার একটি মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
