নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার মালা (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার মালা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের পশু চিকিৎসক শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। এ বছর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সানজিদা তার বাবার মোটরসাইকেল যোগে কম্পিউটার ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে সড়কে বের হয়। পরে সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের পিছনে বসা সানজিদা ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘বাংলাদেশ-ভুটানের ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুত বাস্তবায়িত হবে’
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ
