ভোটারদের মন জয়ে আর মাত্র তিনদিন সময় পাচ্ছেন প্রার্থীরা। তাই সকাল থেকেই নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তারা। নৌকার প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি আর স্বতন্ত্র প্রার্থীরা চেয়েছেন সবার সহযোগিতা আর প্রত্যাশা করেছেন সুষ্ঠু নির্বাচনের।
প্রচারের নির্ধারিত সময় ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। শেষ সময়ের প্রচার নিয়ে একাত্তরের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এ প্রতিবেদন।
মাদারীপুর
মাদারীপুরের শিবচর চান্দের চর মাঠে গণসংযোগ করেছেন ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। এ সময় তিনি চিহ্নিত আগুন সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু খুনের সাথে যারা জড়িত, তাদেরকে, তাদের পরিবারকে আমাদের বয়কট করতে হবে।
নীলফামারী
নীলফামারী-২ আসনে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা করেছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। এসময় জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে আবারো ভোট চান তিনি।
তিনি বলেন, নীলফামারীকে আমরা একটা আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। আগামীতে আমরা সে লক্ষ্যে কাজ করবো।
ফেনী
ফেনী-১ আসনের পরশুরামে বিভিন্ন এলাকায় ঘুরে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। অন্যদিকে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এলাকার শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট চান।
চট্টগ্রাম
চট্টগ্রাম-১০ আসনে এবার ত্রিমুখী লড়াই হলেও স্বতন্ত্র প্রার্থী-সমর্থকদের সাথে নৌকার প্রার্থী-সমর্থকদের সংঘাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
তিনি বলেন, তার এলাকায় কোনো প্রার্থীর সমর্থকদের সাথে অন্য প্রার্থীর সমর্থকদের কোনো বাক-বিতণ্ডা পর্যন্ত হয়নি।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
ভোটের প্রচারে ব্যস্ত নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি দাবি করেন, নৌকার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী দাবি করেন, যত বাধাই আসুক, শেষ মুহূর্ত পর্যন্ত তৃনমূল বিএনপি নির্বাচনে থাকবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে এখন নৌকার সমর্থনে গণমানুষের জোয়ার।
তৈমূর আলম খন্দকার বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে নির্বাচনে তিনি শেষ পর্যন্ত থাকবেন এবং সরকারের সফলতা-ব্যর্থতা তুলে ধরবেন।
গাজীপুর
গাজীপুর- ৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুর রহমান গামছা প্রতীক নিয়ে গণসংযোগে নামেন। তিনি এলাকার পরিবর্তনে ভোটারদের কাছে ভোট চান।
নড়াইল
দিন রাত গণসংযোগ ব্যস্ত নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি দাবি করেন, গত ৫ বছরে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছেন। আবারো নির্বাচিত হয়ে সবার পাশে থাকতে চান।
