আমরা ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে চাই না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপরে কঠোর হবো।
মঙ্গলবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে।
এদিন মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে সেটি দেখা হচ্ছে।
কৃষকদের চিন্তার কোনো কারণ নেই জানিয়ে তিনি আরও বলেন, পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুত আছে। আমরা সব সময় কৃষকদের পাশে থেকে এই বছর বোরো ধান ঘরে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।
পরে তারা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
শাপলা চত্বরে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হেফাজতের মামলা