বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমাদের দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার এই চেতনাকে লালন করে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে। আমরা চাই, আগামীতে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন সমাজে ভালো নেতৃত্ব তৈরি হোক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদার হাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি ড. মোহাম্মদ আবু ইউসুফকে সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, রাজনীতি একটি জনসেবা। কিন্তু গেলো ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরা এ জনসেবাটিকে ব্যবসা ও দুনীতির কারখানা বানিয়ে ফেলেছে। তাই স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত মানুষদের নিয়ে একটি নৈতিকতা সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে যাবো ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. মোহাম্মদ শওকত উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সদস্য ড. মো. মোস্তাফা, বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
