মাদারীপুরের শিবচরে এক নারীর মুখে এসিড ছোঁড়ার অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তার সুমন শিকদারের (২৬) বাড়ি শিবচর উপজেলার মাদবরেরচর এলাকায়। ভুক্তভোগী সাদিয়া আক্তার একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে।
পুলিশ সুপার জানান, প্রেমের সম্পর্কে চার বছর আগে সুমন শিকদারের সাথে সাদিয়া আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যাসন্তানও রয়েছে।
দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘুরে বেড়ানো ও মাদকাসক্ত হয়ে পড়ায় এক পর্যায়ে স্বামীকে তালাক দেন সাদিয়া। তালাক দেয়ার কিছুদিন পর অন্যত্র বিয়েও ঠিক হয় তার।
আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন শিকদার। গত ১৬ আগস্ট এসিড ছুঁড়ে ঝলসে দেন সাবেক স্ত্রীর মুখ। এতে তার মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
আশংকাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন সকালে ভুক্তভোগীর বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় এসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেন।
এদিকে, ঘটনার পরপরই গা ঢাকা দেন অভিযুক্ত সুমন শিকদার। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিয়তপুরের জাজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা এস এ এম ফরহাদ রাহী মীর বলেন, মামলার পর তারা অভিযান চালিয়ে শিবচর ও জাজিরা পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
টঙ্গীতে ১৯ জুয়ারি গ্রেফতার 