যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে এই রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে যাত্রীদের ভোগান্তি কমাতে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকল্প পথে অর্থাৎ খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় পরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান সাংবাদিকদের বলেন, বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুরো এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অবস্থায় বাস মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল পাঁচটা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
জাহিদ খান আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে রোববার সকাল থেকে যশোর-আরিচা বিকল্প রুট ব্যবহার করে খুলনা-ঢাকা পথে পরিবহন চলাচল শুরু হবে।
এর আগেও গত ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিলো। সে সময়ও যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পরিবহন চলাচল বন্ধ রেখেছিলেন বাস মালিকরা।
