দেউলিয়া হয়ে দুই কোটি মানুষের ‘গোপন চ্যাট’ নিলামে তুলছে জনপ্রিয় এআই প্রতিষ্ঠান!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় গিয়ে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের দুই কোটি ১০ লাখের বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন, আইপি অ্যাড্রেস এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সর্বোচ্চ দরদাতার কাছে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে।

এক ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ব্যবহারকারীর গোপনীয়তা ও শিশুদের নিরাপত্তার শঙ্কায় নিলামটি আটকাতে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন ব্যাংকরাপসি আদালতে জরুরি আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি শক্তিশালী জোট।

নিলামে উঠছে ২১ লাখ অপ্রাপ্তবয়স্কের স্পর্শকাতর তথ্য

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা এবং অঙ্গরাজ্যগুলোর জোট আদালতে জানিয়েছে, প্রস্তাবিত এই ডেটা ভান্ডারে যুক্তরাষ্ট্রের দুই কোটি ১০ লাখের বেশি অ্যাকাউন্টের চ্যাট ইতিহাস রয়েছে। এর মধ্যে ২১ লাখের বেশি অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্কদের।

অ্যাটর্নি জেনারেলদের জমা দেওয়া আইনি নথি অনুযায়ী, এই চ্যাট রেকর্ডগুলোতে মানসিক স্বাস্থ্য, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসের জটিলতা এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে ‘থেরাপিস্ট’ (Therapist) ও ‘চিকিৎসক’ (Physician) চরিত্রের এআই বটের সঙ্গে করা চরম গোপন কথোপকথন রয়েছে। পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে চ্যাটবটের যৌনতাপূর্ণ আলাপচারিতা, ব্যবহারকারীর প্রোফাইল, আইপি অ্যাড্রেস এবং প্ল্যাটফর্মের তৈরি ‘রিস্ক স্কোর’-ও (Risk Score) নিলামের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক দিন আগে গড়া কোম্পানির এক কোটি ডলারের প্রস্তাব

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন ব্যাংকরাপসি আদালত গত ২৪ নভেম্বর ‘স্মার্কস অ্যান্ড প্যাংস অ্যাকুইজিশন এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানকে নিলামের প্রাথমিক দরদাতা (স্টকিং-হর্স বিডার) হিসেবে অনুমোদন দিয়েছে। ক্যারেক্টার.এআই-এর ভোক্তা প্ল্যাটফর্ম, এআই মডেল ও ব্যবহারকারীর ডেটা কিনতে প্রতিষ্ঠানটি এক কোটি ডলার প্রস্তাব করেছে।

অবাক করার মতো বিষয় হলো, স্মার্কস অ্যান্ড প্যাংস নিবন্ধিত হয়েছিল গত ১৩ নভেম্বর—অর্থাৎ ক্যারেক্টার.এআই এটিকে প্রাথমিক দরদাতা হিসেবে বাছাই করার মাত্র এক দিন আগে। শুরুতে এর মালিকানা গোপন রাখা হলেও আদালতের চাপের মুখে ২৪ নভেম্বর জানানো হয়, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অক্টেভ অ্যাডভাইজার্স (অক্টেভ ফান্ড ১ এলএলসি) এর পেছনে রয়েছে।

গোপনীয়তার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ক্যারেক্টার.এআই-এর মূল প্রতিষ্ঠান ক্যারেক্টার টেকনোলজিস গত ১২ অক্টোবর দেউলিয়া আইনের চ্যাপ্টার ১১-এর আওতায় সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করে। সে সময় এক ব্লগ পোস্টে এবং নিজেদের গোপনীয়তা নীতিমালায় কোম্পানিটি আশ্বস্ত করেছিল, অর্থের বিনিময়ে তারা কখনোই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করবে না। তবে কোম্পানির শর্তাবলির একটি ব্যতিক্রমী ধারা কাজে লাগিয়ে দেউলিয়া প্রক্রিয়ায় সম্পদ হস্তান্তরের নামে এই ডেটা বিক্রির পথ খোলা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলরা সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে ক্রেতার ওপর কোনো আইনি বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে যিনি এই ডেটা কিনবেন, তিনি ক্যারেক্টার.এআই-এর পুরোনো গোপনীয়তা নীতি মানতে বা ব্যবহারকারীর ডেটা মুছে ফেলার অনুরোধ রাখতে বাধ্য থাকবেন না—বরং চাইলে তথ্যগুলো তৃতীয় পক্ষের কাছে পুনরায় বিক্রিও করতে পারবেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা বলেন, “এই বিক্রি সম্পন্ন হলে গ্রাহকদের সংবেদনশীল তথ্য এমন এক ক্রেতার হাতে চলে যাবে, অথচ ক্যারেক্টার.এআই প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনোই এসব তথ্য বিক্রি করবে না। আইন এড়িয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে দেউলিয়া প্রক্রিয়াকে ব্যবহার করা উচিত নয়।”

কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইজার বলেন, “যেসব শিশু ও পরিবার তাদের একান্ত ব্যক্তিগত ভাবনা ক্যারেক্টার.এআই-এর সঙ্গে ভাগ করেছে, তারা কখনো ভাবেনি সেগুলো সর্বোচ্চ দরদাতার কাছে নিলামে উঠবে। একটি কোম্পানির আর্থিক সংকট তাকে গ্রাহক ও শিশুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব থেকে মুক্তি দেয় না।”

ডিজনি নিচ্ছে প্রযুক্তি ও কর্মীদের

প্ল্যাটফর্ম ও চ্যাট ডেটা বিক্রির পাশাপাশি ক্যারেক্টার.এআই-এর প্রযুক্তি ও পেটেন্টের লাইসেন্স নিতে দুই কোটি ডলারের আলাদা প্রস্তাব দিয়েছে বিনোদন জায়ান্ট ডিজনি। এই চুক্তির আওতায় ক্যারেক্টার.এআই-এর বেশির ভাগ কর্মী এবং প্রধান নির্বাহী করনদীপ আনন্দকে নিয়োগ দিচ্ছে ডিজনি।

বর্তমানে আদালত ব্যক্তিগত তথ্যের হস্তান্তর যাচাই করতে একজন স্বাধীন ‘কনজ্যুমার প্রাইভেসি ওম্বাডসম্যান’ (গোপনীয়তা ন্যায়পাল) নিয়োগের নির্দেশ দিয়েছে। আগামী এক ডিসেম্বর নিলামের পর ডিসেম্বরের শুরুতে বিক্রির চূড়ান্ত অনুমোদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

একাত্তর/কেএম
কথিত এক চীনা গুপ্তচরসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহ পরই নাটকীয়ভাবে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরে এসেছেন জেনসেন হুয়াং।...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি...
কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও...
দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের...
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর