শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক ও ভগ্নীপতি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার আগে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০)। তারা পরস্পর সম্পর্কে শ্যালক ও ভগ্নীপতি ছিলেন। খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তার চাচাতো ভগ্নীপতি তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
নিহতদের পরিবার ও পুলিশ জানায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দিচ্ছিলেন। পানি দেয়া শেষে মোটরটি খুলতে গেলে অসাবধানতায় বিদ্যুতায়িত হন তিনি। এসময় শ্যালককে উদ্ধার করতে এসে তার চাচাতো বোন জামাই তোফাজ্জলও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নির্মাণাধীন জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু