দুবলার চরে রাস উৎসব শুরু রোববার, পুণ্যার্থীদের জন্য পাঁচ রুট

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে সাগর মোহনায় এই আয়োজন হয়ে আসছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে সাগরপাড়ে রাস উৎসবে পূজা-অর্চনা এবং পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।

রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকার ঠেকাতে এরই মধ্যে বিশেষ টহল শুরু হয়েছে। পাশাপাশি ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন সুন্দরবনের নদী-খালে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু জানান, দুইশত বছরের বেশি সময় ধরে দুবলার চরে রাস উৎসব হয়ে আসছে। সেখানে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, আরতি, আরাধনা, পুষ্পাঞ্জলি, গাজীকালুর পূজাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এই উৎসব শেষ হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে সেখানে আর মেলা বসে না; ২০২১ সাল থেকে কেবল ধর্মীয় আচার ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। লোকমুখে সুন্দরবনে এ উৎসবের প্রবর্তক হিসেবে মতুয়া গুরু, সন্ন্যাসী হরিজন ও রাজা প্রতাপাদিত্যের নাম শোনা যায়।

যাতায়াতের রুট ও শর্তাবলি

সুন্দরবন বিভাগ জানিয়েছে, রাস উৎসবে কেবল সনাতন বা হিন্দুধর্মাবলম্বীরাই যেতে পারবেন; অন্য ধর্মের কারও যাওয়ার অনুমতি নেই। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। যে রুট দিয়ে প্রবেশ করা হবে, ফিরতে হবে অবশ্যই সেই একই রুট দিয়ে।

নির্ধারিত পাঁচটি রুট

১। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন বরাবর পশুর নদী দিয়ে তিনকোনা আইল্যান্ডের বাইরে দিয়ে দুবলার চর।

২। বগী-বলেশ্বর, সুপতি স্টেশন ও বলেশ্বর নদী পথে, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

৩। বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।

৪। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা ও আড়ুয়া শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।

৫। নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চর।

রোববার সকাল থেকে নির্ধারিত পয়েন্ট থেকে নৌযানে স্কট দিয়ে পুণ্যার্থীদের দুবলার চরে নেওয়া হবে। প্রবেশের সময় প্রতিটি এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশমূল্য, অবস্থান ফি, ক্যামেরা এবং লোকসংখ্যার ভিত্তিতে রাজস্ব পরিশোধ করে পারমিট ও প্রবেশ কুপন নিতে হবে। পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এছাড়া পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে; আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক কিংবা বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত জাল, ফাঁদ ও দড়ি বহন করা যাবে না।

জেলেদের ফেরা ও নিরাপত্তা ব্যবস্থা

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন অভ্যন্তরের নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের এক সপ্তাহ আগেই পাশ দেওয়া বন্ধ রাখা হয়েছে। মাছ ধরতে যাওয়া সব জেলেকে নৌকা ও ট্রলারসহ শনিবারের (২১ নভেম্বর) মধ্যে সুন্দরবন থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব চলাকালে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।

ডিএফও আরও জানান, রাস উৎসব ঘিরে বন বিভাগের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা টহলে থাকবেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত ও উৎসব পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দুই স্তরের নিরাপত্তা থাকবে।

প্রস্তুতি ও বৈরী আবহাওয়ার শঙ্কা

রাস উৎসব উদযাপন কমিটি ও দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে দুবলার চরে উৎসবস্থলে চলাচলের পথ কাদামাক্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে এবং উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচরসহ উপকূলের ১০ হাজারের বেশি শুঁটকিকরণ জেলে। মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে তারা নৌকা ও ট্রলার...
শীত মৌসুমকে সামনে রেখে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে আসতে শুরু করেছে। আর এই সুযোগে বরাবরের মতোই সক্রিয় হয়ে উঠছে অসাধু পাখি শিকারিচক্র। দেশি-বিদেশি পাখিসহ বন্যপ্রাণী...
দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্টেডিয়াম ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে...
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর