সিলেটে মহাধুমধামে একসাথে বিয়ে হলো ৫০ তরুণ-তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিলো স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্নই পূরণ করলো একটি ফাউন্ডেশন।
নগরীর সবচেয়ে বড় কনভেনশন হলে সোমবার এই আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীরা। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার।
পাগড়ি আর লাল শাড়ি পরে সোমবার দুপুরে অর্ধশত বর-কনে আসেন ওয়েডিং হলে। যাদের ‘নুন আনতে পান্তা ফুরায়’, তাদের বিয়ের এই অনুষ্ঠান হয় সিলেট শহরের সবচেয়ে বড় কনভেনশন হলে।
খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনের কোন কমতি ছিলো না। নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্ন দেখারও সাহস পায়নি কনেরা।
বরদের আনন্দও কম নয়। নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা। এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারা।
এই গণবিয়ের পৃষ্ঠপোষক লন্ডনের দাতব্য সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। বিয়ের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।
আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ বলেন, তারা ‘সুবিধাবঞ্চিত’ যেনো কোনোভাবেই মনে না হয়, আমরা তা নিশ্চিত করে সব আয়োজন করেছি।
২০২৩ সালেও ৬০টি জুটির বিয়ের আয়োজন করেছিলো আল খায়ের ফাউন্ডেশন। দেশের অন্য জেলাতেও এমন গণবিয়ে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
যশোরে ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষ, নিহত দুই