দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
ঢাকাসহ সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশের তথ্যমতে, সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এক থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানা, পুলিশ বক্স, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ সরকারি ও জনসেবামূলক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) কামারুম মুনিরা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, শরীরে ধারণযোগ্য ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি দৃশ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের উপমহাপরিচালক (গণমাধ্যম) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে মোট ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে ঢাকা মহানগরীসহ দেশের আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাঠপর্যায়ে টহলের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বিজিবি সদর দপ্তর থেকে ড্রোন ও শরীরে ধারণযোগ্য ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।
অন্যদিকে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, খুলনায় চার প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন, সাতক্ষীরায় দুই প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন রয়েছেন।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
নিয়মিত টহল, নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন, ভ্রাম্যমাণ নজরদারি ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক রয়েছেন তারা। জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া দেওয়া এবং জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে আটটি উপকমিটি গঠন করা হয়। কমিটিগুলো ধাপে ধাপে কার্যক্রম পরিচালনা করে সুপারিশমালা প্রণয়ন করেছে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে অপরাধ দমন, গোয়েন্দা নজরদারি, প্রযুক্তির ব্যবহার, অবৈধ অস্ত্র উদ্ধার ও পুলিশি সেবার আধুনিকায়ন। রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস মোকাবিলায় আগাম সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে।
এ ছাড়া অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, মাদক ব্যবসা ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ও পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও রয়েছে।
সংগঠিত অপরাধ ও কিশোর গ্যাং দমন, সংঘবদ্ধ অপরাধী চক্র, খুন, ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছে কমিটিগুলো। সাইবার ও আর্থিক অপরাধ, অনলাইন প্রতারণা, জালিয়াতি ও হয়রানি তদন্তে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে।
পাশাপাশি পুলিশের জনবল, প্রশিক্ষণ, রসদ ও মাঠপর্যায়ের কার্যক্রমের দক্ষতা বাড়ানোর সুপারিশ রয়েছে। স্মার্ট অনুসরণব্যবস্থা, শরীরে ধারণযোগ্য ক্যামেরা, অনলাইন সাধারণ ডায়েরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততার ক্ষেত্রে মানবাধিকার, জবাবদিহি ও নৈতিকতাভিত্তিক প্রশিক্ষণ এবং পুলিশ-জনগণের সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় বাড়ানোর দায়িত্ব পুলিশের বিশেষ শাখাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
