নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দুদিন পর অবশেষে চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলন। রোববার ভোরে সম্মেলনের দুই সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও তুরস্ক একটি নতুন খসড়া চুক্তির প্যাকেজ ঘোষণা করেছে; যার মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সর্বসম্মতি প্রতিষ্ঠা হবে বলে আশা করা হচ্ছে।
তবে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ যে জীবাশ্ম জ্বালানি, নতুন এই খসড়াতেও তার সরাসরি উল্লেখ বাদ দিয়ে কার্বন-অপসারণ প্রযুক্তির ওপর জোর দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। তারা এটিকে বলছেন ‘উষ্ণায়ন যুগের বড় প্রতারণা’!

কপ৩১-এর এই নতুন খসড়া চুক্তিটি অনুমোদিত হলে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের (২.৭ ডিগ্রি ফারেনহাইট) নিচে রাখার যে লক্ষ্যমাত্রা দেশগুলো এক দশকেরও বেশি সময় আগে নির্ধারণ করেছিল, তা যে অতিক্রম করতে চলেছে, সে বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে।
উল্লেখ্য, বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, যার কারণে চরম আবহাওয়ার বিপর্যয় বহুগুণ বেড়ে যাবে; জাতিসংঘের পরিবেশ সংস্থা নিশ্চিত এই পরিস্থিতি নিশ্চিত করার পর এবারই প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নতুন খসড়ায় এই সীমা অতিক্রমের পরিস্থিতি উল্টে দিতে দ্রুত কার্বন-অপসারণ প্রযুক্তি উন্নয়নের আহ্বান জানানো হয়েছে, তবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর কথা বলা হয়নি।
উত্তপ্ত ও বিভক্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জীবাশ্ম জ্বালানির বিষয়টি নতুন খসড়ায় সরাসরি এড়িয়ে যাওয়া হয়েছে; এর পরিবর্তে আগের একটি কপ সম্মেলনের ভাষার সূত্র টেনে তেল, গ্যাস ও কয়লা থেকে সরে আসার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

রুদ্ধদ্বার আলোচনার পর্যবেক্ষকরা জানিয়েছেন, সৌদি আরব ও অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশগুলো খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ রাখতে এবং কার্বন-অপসারণ প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে প্রবল চাপ সৃষ্টি করেছিল। তবে এ বিষয়ে সৌদি প্রতিনিধিদলের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।
প্রায় ২০০টি ধনী, দরিদ্র, বৃহৎ ও ক্ষুদ্র দেশের প্রতিনিধিদলের সঙ্গে নিবিড় পরামর্শের পর অস্ট্রেলিয়া ও তুরস্ক এই খসড়া তৈরি করে। রোববার ভোরে এক পূর্ণাঙ্গ অধিবেশনে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, আমরা বিশ্বাস করি এমন একটি খসড়া উপস্থাপন করেছি যাতে সব পক্ষ একমত হতে পারবে। খসড়ার বিষয়ে আপত্তি জানানোর জন্য প্রতিনিধিদলগুলোকে কয়েক ঘণ্টা সময় দেওয়া হয় এবং গ্রিনিচ মান সময় ০৭:০০-এ চুক্তি অনুমোদনের অধিবেশন নির্ধারণ করা হয়।
তবে খসড়ায় জীবাশ্ম জ্বালানির স্পষ্ট উল্লেখ না থাকা এবং কার্বন-অপসারণ প্রযুক্তিকে উৎসাহিত করায় হতাশা প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ৩৫০.অর্গ। সংগঠনটির ক্যাম্পেইন ও নেটওয়ার্ক পরিচালক সারা শ বায়ুমণ্ডলে পৌঁছানোর আগেই কার্বন ডাই-অক্সাইড আটকে রাখার প্রযুক্তির সমালোচনা করে বলেন, কার্বন ক্যাপচার হলো উষ্ণায়ন যুগের অন্যতম বড় প্রতারণা, আমাদের নেতারা সেই ফাঁদে পা দিতে চলেছেন। তাঁর মতে, এই খসড়া চুক্তি আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও বিকাশের দরজা খুলে দিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
