এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫৬ বছর বয়সে মারা গেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু। ক্যান্সারের পাশাপাশি কিডনিজনিত জটিলতায়ও ভুগছিলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে নেওয়া হয়। সেখানে তাঁকে দাফন করা হবে।
শেষবারের মতো মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হয় তাঁর প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।
তাঁর সহপাঠী ও সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিও শেষ শ্রদ্ধা জানাতে আসেন। তিনি বলেন, মাতিয়া বানুর কাজই তাঁকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে।
মৃত্যুকালে মাতিয়া বানু শুকু দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
