কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

দেশে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকারও অন্যতম প্রধান ভিত্তি কৃষি খাত।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) শীর্ষক প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা।

এ লক্ষ্যে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ জোরদার, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এ উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 
 
সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটির প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

প্রথম উপাদানের নাম ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ (প্রোডাক্টিভ পার্টনারশিপস)। এটি বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে।

দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এই চারটি উপাদানের জন্য মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এছাড়া প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রস্তাবিত প্রকল্পে উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

একাত্তর/কেএম
ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা টেকসই করতে হলে কৃষিকে রূপান্তরের মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন। এসময় তিনি কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল...
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামে স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া রয়েছে মাছ ও মাংসের...
একদিনের ব্যবধানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৯৮ হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর