শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামে স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া রয়েছে মাছ ও মাংসের বাজারও। তবে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও কমছে না দাম। বরং সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম।

শুক্রবার ( ২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০ টাকা বেশি। ২০ টাকা বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একইভাবে লাউয়ের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়।
সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও স্বস্তি নেই। তবে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। অন্যদিকে, রুই ও কাতলা মাছের দাম আগের মতোই কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার ৮০০ টাকায়।

গরুর মাংসের দাম আগের মতোই কেজিপ্রতি ৮০০ টাকা। তবে ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
