বাংলাদেশের কোন এক গ্রামের ১৫ বছর বয়সী কিশোর আল আমিনের সংগ্রামের গল্প শুনবে, এবার কান চলচ্চিত্র উৎসব। উৎসবের ৭৮-তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের ছবি ‘আলী’। এ বিভাগে ঠাঁই পাওয়া এটি প্রথম কোন বাংলাদেশের সিনেমা। নির্মাতা আদনান আল রাজীব বলেছেন, সিনেমার গল্প একই সঙ্গে লোকাল এবং গ্লোবাল।
কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে ৪,৭৮১ টি সিনেমার মধ্য থেকে নির্বাচিত ১১ ছবির অন্যতম আদনান আল রাজীব পরিচালিত ‘ আলী’। প্রযোজনায় রয়েছেন বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। নির্মাতা আদনান তার ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমায় এমন গল্প বলতে চেয়েছেন, যা একই সঙ্গে লোকাল ও গ্লোবাল।
নির্মাতা আদনান আল রাজীব বলেন, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। ব্যক্তি জীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি ছবিতে। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।
সিলেটের বিভিন্ন লোকেশন গেল শীতে গল্পটি বুনেছেন আদনান। যেখানে ১৫ বছর বয়সের কিশোর আল আমীনের নিজস্ব যুদ্ধটাকে ধরা হয়েছে সেলুলয়েডে। আদনান বলছেন, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনি এই আল আমীনকে খুঁজে পাবেন, তার গ্রামকে পাবেন, তার মায়ের যুদ্ধটাও পাবেন।

গত কানে প্যারালাল ক্রিটিকস উইকে প্রডিউসার হিসেবে যোগ দেন আদনান। সেই অভিজ্ঞতা তাঁকে উসকে দিয়েছে। ১৩ মে শুরু হওয়া উৎসবে ১৯ মে থেকে থাকছে শর্ট ফিল্ম কম্পিটিশন। ২৫ মে উৎসবের সমাপণী দিনে জানা যাবে, এই বিভাগে লড়াই করা ১১ ছবির মধ্যে কোন ছবি জিতেছে ‘পাম দ্য অর’।
‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল।
প্রযোজক তানভীর হোসেন বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এ ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ বা নবীন বড় ও অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা উৎসাহব্যঞ্জক ঘটনা বলেই মনে করি।
