ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর জেরে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান এক ধনকুবেরের মালিকানাধীন দুটি বিমান জব্দ করেছে ব্রিটিশ সরকার। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ খবর জানিয়েছে বিবিসি।
রাশিয়ান ব্যবসায়ি তেলজাত ধনকুবের ইউজিন শভিডলারের বিমান দুটি ফার্নবরো এবং বিগিন হিল বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে তদন্তাধীন ছিল।
যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, ইউক্রেনে নির্দোষ মানুষ মারা যাওয়ার সময় "পুতিনের বন্ধুদের" "বিলাসিতা উপভোগ করা" উচিত নয়।
চেলসি এফসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণেই শভিডলারকে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার।
ব্রিটিশ সরকার বলছে, শভিডলারের ব্যবসার মোট পরিমাণ আনুমানিক ১.২ বিলিয়ন পাউণ্ড। যেখানে তার জব্দ করা বিমান দুটির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৫১৩৬ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত বলে মনে করা হচ্ছে।
একাত্তর/এসএ
