পাম তেল রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া।
দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন বলে শনিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুনিয়াজুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিশেষ করে খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়ার এই ঘোষণা এলো।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, নিজেদের গৃহস্থালিতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম তেল রপ্তানি নিষিদ্ধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাম তেল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল হিসেবে বিবেচনা করা হয়। আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পুর মতো বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, পাম তেলের প্রচলন শুরু ১৮৪৮ সালে পশ্চিম আফ্রিকায়। পরে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে সবচেয়ে বেশি পাম তেলের উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
একাত্তর/জো
