বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশন। বৃহস্পতিবার এটি স্থাপন করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির বিশেষজ্ঞরা।
এর আগে চীনের দিক থেকে এভারেস্টে ওঠার রাস্তায় এই ধরণের কিছু স্টেশন তৈরি হয়েছে, তবে, এবার হল নেপালের দিক থেকে।
সমতল থেকে এর অবস্থান আট হাজার ৮৩০ মিটার ওপরে। এই স্টেশন থেকে আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে।
নেপালের হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি ডিপার্টমেন্ট-ডিএইচএম বলছে, এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের কয়েক মিটার নিচে ওই স্টেশন স্থাপন করা হয়েছে।
এই পর্যবেক্ষণকেন্দ্র চলবে সৌর বিদ্যুতের শক্তিতে। এখান থেকে তাপমাত্রা, বাতাসের গতি, দিক ও বাতাসের চাপের মতো আবহাওয়াসংক্রান্ত নানা তথ্য জানা যাবে।
এটি বসাতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়তে হয়েছে প্রকৌশলীদের। তারা জানান, এটি দিয়ে জানা যাবে তুষারের উচ্চতার পরিবর্তন এবং স্বল্প ও দীর্ঘ মাত্রার তরঙ্গ বিকিরণের বিষয়।
এভারেস্টে আবহাওয়া স্টেশন বসানোর জন্য গঠিত বিশেষজ্ঞ দলটির নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী বেকার পেরি।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার। বিশেষজ্ঞ দলটিকে এভারেস্টে ওঠার আগে পর্বতারোহণ শিখতে হয়েছে।

আর এই কাজ করতে গিয়ে তাদের এভারেস্ট আরোহণ করতে হয়েছে। আবহাওয়া স্টেশন স্থাপনের জন্য তাদের সেখানে এক মাস থাকতে হয়েছে।
আরও পড়ুন: করোনার পর ইউরোপজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স
পর্বতারোহীদের অভিজ্ঞতা জানাচ্ছে, এভারেস্ট অভিযানে সব থেকে বেশি সমস্যা হয় বিরূপ আবহাওয়া। যার কারণে অনেক সময় অভিযান পরিত্যক্ত করে ফিরতে হয়।
আর আবহাওয়ার খামখেয়ালিপনায় কারণে অভিযানের প্রচুর ক্ষতি হয়। এমনকি শেরপা থেকে পর্বতারোহীদের মৃত্যুও হয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে।
একাত্তর/এসি
