যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের পর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক সংক্ষিপ্ত ভাষণে ঋষি সুনাক বলেন, ‘একত্রে আমরা আমরা করতে পারি অবিশ্বাস্য অর্জন।’
‘পার্টির সেরাদের নিয়ে সরকার গঠনের’ অঙ্গীকার করে তিনি বলেন, তিনি দেশকে এমন এক আগামীর দিকে নিয়ে যেতে চান যেখানে মানুষের চাহিদা রাজনীতির ওপর স্থান পাবে।
তিনি আরও বলেন, অতীতের নানা ঘটনাবলীর পর আস্থা পুনরুদ্ধারের জন্যও অনেক কিছু করতে হবে। বর্তমান পরিস্থিতি ভীতিকর উল্লেখ করে তিনি ‘উচ্চ অফিসের’ সমস্ত চাপ সামলে প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকারও করেন।
এর আগে, মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। সেখানে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানান রাজা। রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
৪২ বছর বয়সী ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী। গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও তিনি। এছাড়াও প্রথম অশ্বেতাঙ্গ ও প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীও তিনি।
আরও পড়ুন: সমুদ্র সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গুলি বিনিময়
ঋষি সুনাকের সাথে রাজার সাক্ষাতের আগে নিয়ম অনুযায়ী রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন লিজ ট্রাস। তার পদত্যাগপত্র গ্রহণ করেন কিং চার্লস। এর পরপরই বাকিংহ্যাম প্যালেসে আসেন ঋষি সুনাক।
একাত্তর/জো
