বিশ্বের ২০টি ক্ষমতাধর রাষ্ট্রের শীর্ষ নেতাদের অংশগ্রহণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুরু হয়েছে জি-টোয়েন্টি সম্মেলন। তবে সম্মেলনের প্রথম দিনেই ইউক্রেন ইস্যুতে দেখা দিয়েছে বিভক্তি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) শুরু হওয়া সম্মেলনে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানাতে একটি রেজোল্যুশন তোলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। তবে একে অযাচিত রাজনীতিকিকরণ বলে আখ্যা দিয়ে প্রত্যখায়ন করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম কোনও সম্মেলনে যোগ দিয়েছেন জি-টোয়েন্টি নেতারা। তবে এতে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মূল্যস্ফীতি এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো বৈশ্বিক অর্থনৈতিক সংকট সমাধানে ঐক্যবদ্ধ হতে সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানিয়েছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া। তবে সম্মেলনকে ছায়াচ্ছন্ন করে রেখেছে ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান'।
১৬ পৃষ্ঠার এক খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, বেশিরভাগ সদস্য ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়েছে এবং এটি যে বৈশ্বিক অর্থনীতির দুর্বলতাকে বাড়িয়ে তুলছে ও মানুষের মধ্যে অপরিমেয় দুর্দশার সৃষ্টি করছে সে ব্যাপারে জোর দিয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, 'পরিস্থিতি ও নিষেধাজ্ঞার ব্যাপারে অন্যান্য দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন মূল্যায়ন রয়েছে'।
সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার প্রতি নিন্দা জানানোর চেষ্টাকে পশ্চিমা বিশ্বের রাজনীতিকিকরণ বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন, রাশিয়াকে ঘোষণাপত্রের অংশ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা।
তিনি জানান, রাশিয়া একটি বিকল্প প্রস্তাব দিয়েছে এবং বুধবার (১৬ নভেম্বর) খসড়াটি চূড়ান্ত হবে।
এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাবের নিন্দা জানানো হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
জি-টোয়েন্টি মন্ত্রীরা এর আগেও চেষ্টা করেছেন ইউক্রেন ইস্যুতে যৌথ ঘোষণাপত্র দেয়ার। তবে এ যুদ্ধকে কীভাবে বর্ণনা করা হবে এবং অন্যান্য ভাষাগত দ্বিমতের কারণে তাদের চেষ্টা ব্যর্থও হয়।
এদিকে, এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'ন্যায্যতা, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী' তিনি একটি পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ী যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে আহবান জানান তিনি।
একাত্তর/এসজে
