সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ মারা গেছেন। নিজের ভ্যাটিক্যান অ্যাপার্টমেন্টেই মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বয়সের কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাবেক পোপ বেনেডিক্ট। এ কারণে প্রায় এক যুগ আছে তিনি দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন।
ভ্যাটিকান এক বিবৃতিতে পোপ বেনিডিক্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আট বছর ক্যাথোলিক চার্চ পরিচালনার দায়িত্ব ছিলো তাঁর কাছে। তবে তিনি প্রথম পোপ যাকে পদ থেকে পদত্যাগ করতে হয়েছিলো। স্বাস্থ্যগত কারণে ২০১৩ সালে পোপের পদ থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে।
তাঁর মৃত্যু নিয়ে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে পোপ এমিরেটাস, ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানের পাশেই একটি মনার্স্ট্রিতে মারা গিয়েছেন। পদত্যাগের পর বেনিডিক্ট সেখানেই থাকতেন।
দীর্ঘ সময় ধরেই শারীরিক অবস্থার অবনতি হয় ষোড়শ বেনেডিক্টের। গত বুধবার তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাঁর আরোগ্য কামনায় সারা বিশ্বের ক্যাথোলিক সব চার্চে প্রার্থনা শুরু হয়। কিন্তু শনিবার সেই লড়াইয়ের অবসান হলো।
পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের ১৯ এপ্রিল তিনি পোপ নির্বাচিত হন। ২০০৫ সালের ২৪ এপ্রিল তাঁর অভিষেক অনুষ্ঠান হয়। ২০১৩ সাল পর্যন্ত মাত্র আট বছর পোপ হিসেবে দায়িত্ব পালন করেন জার্মানিতে জন্ম নেওয়া এই ধর্মযাজক।
বয়সের কারণে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে ক্যাথেলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ পোপের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন তিনি। ক্যাথেলিক চার্চের ৬০০ বছরের ইতিহাসে কোনও পোপের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা ছিলো এটাই প্রথম।
তবে দায়িত্ব থেকে অবসর নিলেও, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু বেনিডিক্ট জীবনের শেষ কয়েকটি বছর ভ্যাটিকানেই কাটিয়েছেন। পাঁচ জানুয়ারি পোপ ফ্রান্সিস তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করবেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।
একাত্তর/এসি
