দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। চলছে উদ্ধার অভিযান।
স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিলো। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।
তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।
২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।
রাশিয়ায় গোলাগুলি, ১৫ পুলিশসহ নিহত ২২