থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। রয়টার্স ও বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার দূরে উথাই থানি রাজ্যে ফিল্ড ট্রিপে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাসটিতে আগুনের ঘটনায় ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের চিত্র এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, থাই কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুন নেভানো হলেও বাসটি সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত ভেতরে মরদেহ খুঁজে পাওয়া সম্ভব হবে না।
থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বাসে দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থী এবং তিন শিক্ষক আগুন থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে ২২ জন শিক্ষার্থী এবং তিন শিক্ষক এখনও অজ্ঞাত রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা বাসের আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। তবে এখনও সেটি নিশ্চিত করেনি থাই কর্তৃপক্ষ।
হতাহতের সংখ্যা পুলিশের পক্ষ থেকে না জানালেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চর্ণবীরকুল সংবাদিকদের বলেন, আগুনের ঘটনায় ধারণা করা হচ্ছে ২৫ জন নিহত হয়েছে। যোগাযোগমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত বলেন, ১৬ শিক্ষার্থী এবং তিন শিক্ষককে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটিতে ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। বাসটির একটি টায়ায় বিস্ফোরণের পর দুর্ঘটনাটি ঘটে বলে যানা গেছে। বিস্ফোরণের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে এর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি উথাই থানি প্রদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফরে যাচ্ছিল। যাত্রাপথে উত্তর ব্যাংককের একটি মহাসড়কে বাসটির টায়ার বিস্ফোরণের পর সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা জানান, বাসটি সিএনজিচালিত, যার ফলে দুর্ঘটনায় জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বাসটি থেকে ধোয়া উড়ছে এবং কিছু অংশে আগুন জ্বলছে। প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এক্স পোস্টে বলেন, আমি একজন মা হিসেবে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
