২০২৩ সালে ফ্রান্সে দেশব্যাপী সহিংস বিক্ষোভ চলার সময় কিশোর নাহেল মারজুককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাতেই বিচার চলবে। মঙ্গলবার, ফ্রান্সের ভার্সাই আপিল আদালত এই ঐতিহাসিক আদেশ দিয়েছেন।
২০২৩ সালের ২৭ জুন প্যারিসের শহরতলি নঁতেরেতে গাড়ি থামানোর নির্দেশ অমান্য করায় ১৭ বছর বয়সী কিশোর নাহেল মারজুককে গুলি করেন পুলিশ কর্মকর্তা ফ্লোরিয়ান এম। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নাহেলের মৃত্যু হয়।
চলতি বছরের শুরুর দিকে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ কমিয়ে ‘হত্যার উদ্দেশ্য ছাড়াই স্বেচ্ছায় আঘাতের ফলে মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। তবে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে সফল আপিলের পর ভার্সাই আপিল আদালত মামলাটি পুনরায় পর্যালোচনা করে।
মঙ্গলবার আদালত রায় দেন যে, তাঁর বিরুদ্ধে হত্যা মামলার বিচার শুরু করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ফরাসি আইন অনুযায়ী, হত্যার উদ্দেশ্য ছাড়া আঘাতের ফলে মৃত্যুর অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও হত্যার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।
আদালতের এই আদেশের পর অভিযুক্ত কর্মকর্তার আইনজীবী লরঁ-ফ্রাঙ্ক লিয়েনার ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে জানিয়েছেন, তাঁর মক্কেল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও আপিল করবেন। অন্যদিকে, নাহেল মারজুকের পরিবারের আইনজীবী ইয়াসমিনা বেলমোখতার রয়টার্সকে বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি না পড়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
ঘটনার সময় রয়টার্সের যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, চালক গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে অস্ত্র তাক করে গুলি ছুড়ছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ফ্রান্সজুড়ে টানা কয়েক রাত ধরে তীব্র অস্থিরতা ও সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ফরাসি পুলিশের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ তুলে আসছে, আর নাহেল হত্যার পর সৃষ্ট সেই বিক্ষোভের মূলেও ছিল এই অভিযোগ।
তথ্যসূত্র: রয়টার্স
চলতি বছরেই ইসরাইলে মার্কিন সহায়তা বন্ধ হওয়া নিয়ে সংশয়
ট্রাম্পের চাপেই এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং
স্লিভলেস পোশাকে গান, ইরানি গায়িকাকে বেত্রাঘাত