মেন্যুতে দেয়া ছবির চেয়ে বাস্তবে বার্গারের আকার ছোট হওয়ায় যুক্তরাষ্ট্রে একটি মামলার মুখোমুখি হতে চলেছে ফাস্টফুড চেইন বার্গার কিং।
বুধবার বিবিসি জানায়, মামলায় বার্গার কিংয়ের বিরুদ্ধে ছবিতে মাংসল প্যাটি এবং ‘বানের ওপর অতিরিক্ত উপাদান’ দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে বার্গার কিং বিবিসিকে বলেছে, ‘বাদীদের দাবিটি মিথ্যা।’
বার্গার কিংয়ের প্রতিদ্বন্দ্বী ম্যাকডোনাল্ডস এবং ওয়েন্ডিসও মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরণের মামলার মুখোমুখি হচ্ছে।
বার্গার কিংয়ের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছে, ছবিতে তাদের হুপার বার্গারকে ৩৫ শতাংশ বড় করে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে গ্রাহকদের কাছে যা পরিবেশন করা হয়েছিল তার তুলনায় দ্বিগুণেরও বেশি মাংস দেখানো হয় ছবিতে।
বার্গার কিং এর আগে যুক্তি দিয়ে বলেছিলও, ‘ঠিক ছবির মতো’ দেখতে বার্গার সরবরাহ করার প্রয়োজন নেই।
রায়ে ইউএস ডিসট্রিক্ট জজ রয় অল্টম্যান বলেন, ‘যুক্তিযুক্ত লোকেরা কী মনে করে তা বলার দায়িত্ব’ বিচারকদের উপর ছেড়ে দেয়া উচিত।
তবে, বার্গার কিং তার টেলিভিশন এবং অনলাইন বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে এমন দাবি তিনি খারিজ করেছেন।
বার্গার কিংয়ের একজন মুখপাত্র এই রায়ের পর এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বিজ্ঞাপনে দেখানো ফ্লেম-গ্রিলড গরুর মাংসের প্যাটিগুলো সেই একই রকম প্যাটি যা আমরা দেশব্যাপী অতিথিদের পরিবেশন করা লক্ষ লক্ষ হুপার স্যান্ডউইচগুলোতে ব্যবহার করি।’
বাদীদের প্রতিনিধিত্ব করা আইনজীবী অ্যান্টনি রুশো মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে সাড়া দেননি।
বার্গার কিংয়ের ওয়েবসাইটে হুপারকে বর্ণনা করে বলা হয়েছে, এতে অন্যান্য উপাদানের মধ্যে একটি ‘আসল মাংসযুক্ত’ গরুর মাংসের প্যাটি রয়েছে।
অন্যান্য ফাস্ট ফুড চেইনও সম্প্রতি মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
ভারতে মেন্যু থেকে টমেটো বাদ দিলো বার্গার কিং