পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা ইসমাইল খান জেলায় সংঘটিত এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফৈজি জানান, বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'তেহরিক-ই-তালিবান পাকিস্তান' (টিটিপি) এক বিবৃতির মাধ্যমে এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে। উদ্ধার ও চিকিৎসা জোরদার করার পাশাপাশি পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আফগান তালিবানের মিত্র হিসেবে পরিচিত টিটিপির এই আত্মঘাতী হামলা পাকিস্তানে সম্প্রতি বৃদ্ধি পাওয়া জঙ্গি সহিংসতারই এক বিভীষিকাময় প্রতিফলন। বিগত কয়েক বছর ধরেই দেশটিতে টিটিপি এবং প্রতিবেশী বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'বেলুচ লিবারেশন আর্মি' (বিএলএ)-র সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে আফগান তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্ত এলাকায় টিটিপি নিজেদের তৎপরতা তীব্র করেছে, যার সবশেষ শিকার হলো ডেরা ইসমাইল খানের এই পুলিশ চেকপোস্ট।
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস
