সুর, বাঁশি আর পিঠার ঘ্রাণে রবীন্দ্র সরোবরে নবান্ন উৎসব

নগরে শেকড়ের টান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

হেমন্তের নরম রোদ আর শিশিরভেজা সকালে যান্ত্রিক ঢাকার বুকে হঠাৎ করেই যেন নেমে এলো এক টুকরো গ্রামবাংলা। পহেলা অগ্রহায়ণের সোনালি সকালে নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর চিরায়ত লোকজ ঐতিহ্যের হাতছানিতে রঙিন হয়ে উঠল ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’।


সোমবার সকালে বিশিষ্ট শিল্পী হাসান আলীর মায়াবী বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল উৎসবের শুভসূচনা। এরপর সকালের প্রথম পর্বে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’-এর সম্মেলক পরিবেশনার পাশাপাশি একে একে সুরের পসরা সাজিয়ে বসে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।


একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরীর মতো গুণী শিল্পীরা। সুরের পাশাপাশি দীপা খন্দকার, তামান্না রহমান, এম আর ওয়াসেক, অনিক বোস, শুভাশীষ চাকমা এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলির একক আবৃত্তি অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে।


নবান্ন কথন ও ঐতিহ্যবাহী আয়োজন:
উৎসব প্রাঙ্গণে আসা দর্শনার্থী ও নগরবাসীর জন্য রাখা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পদের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরালি ও বাতাসার সুস্বাদু আয়োজন। উৎসবের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিম। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা তাঁর বক্তব্যে বলেন, ১৪০৬ বঙ্গাব্দে শুরু হওয়া এই অসাম্প্রদায়িক উৎসব আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মাঝেও উদযাপিত হচ্ছে।

এ সময় চারুকলায় উৎসবের বরাদ্দ বাতিল হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে কেবল শিল্পের পরিচয়ে দেখার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং সমাজ গঠনে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।


শহুরে যান্ত্রিকতায় প্রাণের স্পন্দন:
গ্রাম থেকে দূরে থাকা শহুরে মানুষের কাছে বাংলার পসরা ও শিকড়ের সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব বয়সি দর্শনার্থীরা। টঙ্গী থেকে অংশ নেওয়া শিল্পী রোজী দেবনাথ ও ধানমন্ডির দর্শনার্থী শেখ সাদী জানান, নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সকালের পর্বের পর উৎসবের দ্বিতীয় ও সমাপনী পর্বে বিকেল থেকে রাত পর্যন্ত শিশু দল, একক-দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির এক বিশাল সাংস্কৃতিক যজ্ঞের মধ্য দিয়ে পর্দা নামে এই প্রাণের উৎসবের।

 

একাত্তর/এআরএস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতাও সরকার দেখছে না। জুলাই...
প্রতিদিনের সংবাদে, টিভির খবরে ডেঙ্গুতে মৃত্যুর খবরগুলো আমাদের কাছে শুধুই একেকটি সংখ্যা। কিন্তু এই পরিসংখ্যানের পেছনের প্রতিটি অঙ্কের আড়ালে লুকিয়ে থাকে এক একটি চূর্ণ-বিচূর্ণ পরিবার, বুকফাটা কান্না...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। 
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর