প্রতিদিনের সংবাদে, টিভির খবরে ডেঙ্গুতে মৃত্যুর খবরগুলো আমাদের কাছে শুধুই একেকটি সংখ্যা। কিন্তু এই পরিসংখ্যানের পেছনের প্রতিটি অঙ্কের আড়ালে লুকিয়ে থাকে এক একটি চূর্ণ-বিচূর্ণ পরিবার, বুকফাটা কান্না আর থমকে যাওয়া অজস্র স্বপ্ন। রাষ্ট্র বা প্রশাসনের কাছে হয়তো এটি একটি সাধারণ সংখ্যা, কিন্তু মা-বাবার কাছে এটি বুকের ধন হারিয়ে চিরকালের নিঃস্ব হয়ে যাওয়া।
তেমনি এক বুকভাঙ্গা কান্নার নাম চৌদ্দ বছরের কিশোরী আরোশী। মাত্র তিন দিনের জ্বর কেড়ে নিয়েছে নবম শ্রেণির এই মেধাবী ও প্রাণবন্ত শিক্ষার্থীকে। সন্তান হারানো শোকগ্রস্ত বাবা-মায়ের এখন একটাই প্রশ্ন—আর কত প্রাণ গেলে ডেঙ্গু প্রতিরোধে জোরালো ও কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ?
স্কুলের প্রতিটি পরীক্ষায় সে ছিল ‘টপার’, গান-বাজনা আর হাসিখুশিতে মুখর থাকত চারপাশ। বড় হয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন ছিল তার চোখে। কিন্তু একটিমাত্র এডিস মশা আর মাত্র তিন দিনের জ্বরে চৌদ্দ বছর বয়সেই থেমে গেল আরোশীর আলোকিত পথচলা।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার সময় মায়ের হাতে একটি চিরকুট দিয়েছিল আরোশী। সেখানে তার দৃঢ় উচ্চারণ ছিলো, সুস্থ হয়ে সে মায়ের কাছে আবার ফিরে আসবে। কিন্তু সেই ফেরা আর হলো না। চিরকুটের অক্ষরগুলো রয়ে গেল, কেবল হারিয়ে গেল ফুটফুটে মেয়েটি।
অক্টোবরের ডেঙ্গুর ভয়াল থাবায় আক্রান্ত হয়েছিল এক পরিবারের তিন বোন- আরোশী, সোরোশী ও রোদসী। তিনজনেই আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাণবন্ত আরোশীকে কেড়ে নেয় ঘাতক এডিস মশা। পেশায় চিকিৎসক হয়েও নিজের সন্তানকে বাঁচাতে না পারার চরম বেদনা ও নিদারুণ অসহায়ত্ব আজ গ্রাস করেছে শোকার্ত বাবাকে।
দিশেহারা এই চিকিৎসকের একটাই আকুতি ও আর্তনাদ- সরকার যেন অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর টিকা আমদানির কথা ভাবে, আর যেন কোনো বাবা-মাকে এভাবে সন্তান হারাতে না হয়।
আনন্দময় দিনগুলোতে হাসিখুশিতে ভরপুর একটি পরিবার আজ ডেঙ্গুর নিষ্ঠুর আঘাতে ছিন্নভিন্ন। রাষ্ট্র বা সমাজের কাছে তাদের এই ক্ষোভ ও আর্তনাদ হয়তো কেবলই দীর্ঘশ্বাস, কিন্তু যাদের বুক খালি হয়েছে, তাদের কাছে এটি আজীবন বয়ে বেড়ানোর এক অন্তহীন শূন্যতা।
প্রতিদিন বাড়তে থাকা এই মৃত্যুর মিছিলে আর কত আরোশী হারিয়ে গেলে টনক নড়বে সংশ্লিষ্টদের, সেই উত্তরহীন প্রশ্নই আজ ভারী করে তুলেছে বাতাস।
