দীর্ঘ দূরত্বের আকাশযাত্রায় যাত্রীদের রাজকীয় ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে নিজেদের উড়োজাহাজের কেবিনে আসছে এক যুগান্তকারী পরিবর্তন। এজন্য চোখ কপালে তোলার মতো প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকার বেশি) বিশাল অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বসেরা সিঙ্গাপুর এয়ারলাইনস। নতুন এই রূপান্তর যাত্রীদের শুধু আরামই দেবে না, বরং বাণিজ্যিক বিমানযাত্রার সংজ্ঞাই পাল্টে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি কাতার এয়ারওয়েজকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে আবারও বিশ্বের সেরা এয়ারলাইনসের মুকুট ছিনিয়ে নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। তবে বিলাসবহুল ভ্রমণসেবার বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে এই বিশাল বিনিয়োগ।

গত সেপ্টেম্বরে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমিরেটসও প্রায় ৫০০ কোটি ডলারের বিশাল সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছিল। এছাড়া লুফথানসা, ইত্তিহাদ ও এয়ার ফ্রান্সের মতো বিমান সংস্থোগুলোও তাদের কেবিন আধুনিকায়নে বড় অঙ্কের অর্থ ঢালছে।
সিঙ্গাপুর এয়ারলাইনসের এই নতুন প্রথম শ্রেণির স্যুটগুলোকে আক্ষরিক অর্থেই এক একটি ‘ব্যক্তিগত বিলাসবহুল আশ্রয়স্থল’ বা ভাসমান প্রাসাদ বলা চলে। ছাদ পর্যন্ত বিস্তৃত গোপনীয়তার দেয়াল, উন্নতমানের সুতি কাপড় আর প্রিমিয়াম চামড়ার আসনে সুসজ্জিত এসব স্যুটের আসনগুলো সহজেই ৮০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া বিছানায় রূপান্তর করা যাবে।

সবচেয়ে বড় চমক থাকছে দম্পতিদের জন্য মাঝখানের বিশেষ স্যুটে দুটি আসন একসঙ্গে যুক্ত করে তৈরি করা যাবে আক্ষরিক অর্থেই বিশ্বের সবচেয়ে বড় ডাবল বেড, যা ৮০ ইঞ্চি লম্বা ও ৬০ ইঞ্চি চওড়া! ফলে প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার যাত্রীরাও আকাশে উড়ন্ত অবস্থায় আরামে ঘুমানোর দারুণ সুযোগ পাবেন। বিছানার সামনে থাকছে বিশাল ৩২ ইঞ্চির পর্দা। গত ৬ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে নতুন এই কেবিনের নমুনা উন্মোচন করা হয়।
শুধু প্রথম শ্রেণিই নয়, বিজনেস ক্লাসেও আসছে বিশাল আধুনিকায়ন। এই প্রথমবার বিজনেস ক্লাসে যুক্ত হচ্ছে স্লাইডিং বা পিছলে যাওয়া দরজা, তারহীন ফোন চার্জিং এবং যাত্রীর পছন্দের আসন ও আলোর সেটিংস মনে রাখার মতো অত্যাধুনিক স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা।

নতুন এই আসনগুলোর নান্দনিক ডিজাইন করেছে প্রখ্যাত বিএমডব্লিউ-এর সৃজনশীল প্রতিষ্ঠান ‘ডিজাইনওয়ার্কস’। তবে নতুন এই আসনের রং ও গঠনশৈলী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছে। কেউ কেউ রসিকতা করে এগুলোর সঙ্গে ডেন্টিস্ট বা দাঁতের চিকিৎসকের চেয়ারের তুলনা করতেও ছাড়েননি!
এদিকে পিছিয়ে নেই সাধারণ যাত্রীরাও। ইকোনমি ক্লাসের দীর্ঘ দূরত্বের ফ্লাইটে যুক্ত হচ্ছে ফোরকে রেজ্যুলেশনের চমৎকার টাচস্ক্রিন বিনোদন ব্যবস্থা এবং শতাধিক নতুন পদের খাবার। পাশাপাশি যাত্রীদের হাঁটু ও পায়ের স্বাচ্ছন্দ্যের জন্য বাড়ানো হয়েছে অতিরিক্ত জায়গার পরিমাণ। প্রিমিয়াম ইকোনমি ক্লাসেও ব্যক্তিগত পরিসর ও আরাম আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে।
সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে ২০২৭ সাল থেকে প্রায় ১০০টি দীর্ঘ দূরত্বের উড়োজাহাজে এই বিলাসবহুল কেবিনগুলো চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নতুন বোয়িং ৭৭৭-৯ এবং সংস্কার করা এয়ারবাস এ৩৫০-৯০ও মডেলের উড়োজাহাজগুলোতে মিলবে আকাশছোঁয়া আধুনিক সুবিধা।
তথ্যসূত্র: সিএনএন
