ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (৭ জুন) সকালে আইজিপি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
ড. বেনজীর আহমেদ বলেন, এ দুর্ঘটনায় নিহতদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ তদন্তে দু’টি তদন্ত কমিটি কাজ করছে। ফায়ার ব্রিগেড যেহেতু এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের তদন্ত কমিটিও কাজ করছে।
আইজিপি বলেন, তদন্ত কমিটিকে সিআইডির পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থলে যে রেসিডিউ ছড়িয়ে-ছিটিয়ে আছে সেগুলো সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এগুলোও কেমিক্যাল টেস্ট করে দেখতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি আরো বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ জন নিহত হন। নিহতদের মধ্যে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ারম্যানও রয়েছেন। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার ৩৪ বছরের ক্যারিয়ারে একসাথে এত ফায়ারম্যান কখনো নিহত হতে দেখিনি’।
তিনি বলেন, আমাদের ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। আমাদের একজন পুলিশ সদস্য অঙ্গ হারিয়েছেন।
আরও পড়ুন: মোবাইল অপারেটরদের কাছে পাওনা ১৩ হাজার কোটি
আইজিপি দেশের জন্য আত্মত্যাগকারী সাহসী ফায়ারম্যান, নিহত শ্রমিকসহ প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একাত্তর/আরএ
