এসএসসিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এটাকে শিক্ষার্থীদের একটা সুযোগ দেওয়া বলে উল্লেখ করেন তিনি।
বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হতে পারবে। কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না। তবে মাকর্শিট পাবে। পূর্ণ সনদ পেতে পরবর্তীকালে দুই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, ৩০ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার। কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭২৫টি। এছাড়াও দেশে বাইরে আটটি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
গত বছরের তুলনায় কেন্দ্রে বেড়েছে ৬৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৮টি বেড়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন প্রশ্ন ফাঁস রোধে সতর্ক রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ৪৪ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, গত ২ জুন পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শেষ হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং বিজি প্রেসে ছাপানোর কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিজি প্রেসে কেন্দ্রওয়ারি প্রশ্নপত্র বণ্টন, ট্রাংকজাতকরণ, যাচাইকরণ শেষে প্রশ্নপত্রের ট্রাংক জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে আটটি শিক্ষা বোর্ডে বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি শিক্ষা বোর্ডের কাজ চলমান রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সিলেটে চলমান বন্যার পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যা হচ্ছে তাতে সেখানকার এইচএসসি পরীক্ষা বন্ধ রাখার মত পরিস্থিতি এখনও হয়নি, সেখানেও পরীক্ষা হবে। যে অঞ্চলে বন্যা হবে সেই অঞ্চলের অবস্থা পর্যবেক্ষণ করে পরীক্ষা নেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
চা শ্রমিকদের সার্বিক দেখভাল করুন: মালিকদের প্রধানমন্ত্রী