বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ১৭ বছর পর সাবেক এই প্রধানমন্ত্রীর সব ব্যাংক হিসাব সচল হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি। প্রথম দিকে এর পরিমাণ ছিলো দুই লাখ টাকা। পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করে। এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তার হিসাব খুলে দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিভিন্ন সময় খালেদা জিয়া তার হিসাব খুলে দেওয়ার আবেদন করলেও তা অবরুদ্ধই থাকে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম ব্যাংক হিসাব খুলে দিতে এনবিআরে আবেদন করেন।
এনবিআর সূত্র জানিয়েছে, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছিলো। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।
