এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রোববার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, গতবার কুচকাওয়াজ হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন একটা যুদ্ধাবস্থায় আছি, আনন্দ করার মেজাজে নেই।
তিনি বলেন, আজকের বৈঠকে মোটামুটি গতানুগতিক কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, রমজান চলছে, ঈদের ছুটি আছে এবং সামনে ২৬ মার্চ এক সঙ্গে পড়েছে। আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি।
নাসিমুল গনি বলেন, ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা করা দরকার, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে। শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। পুলিশ শক্ত হয়েছে কাজ চলছে।
ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতনভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়াতে ঈদে তাদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।
স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। বৈঠকে চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার শীর্ষ ১২৭ পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
রাঙ্গামাটিতে গোলাগুলি, ইউপিডিএফ কালেক্টর নিহত