জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান ও ন্যায্য আর্থিক সহায়তার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বিশ্বনেতাদের সামনে জলবায়ু অর্থায়নে পাঁচ দফা জরুরি প্রস্তাব পেশ করেছেন।
কপ-৩১ সম্মেলনের মূল মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতা ও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে দাঁড়িয়ে চরম মূল্য দিচ্ছে। এমন কঠিন চ্যালেঞ্জের মধ্যেও তাঁর সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে জ্বালানি তৈরি এবং কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামো গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সবুজ শিল্পায়ন ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তারেক রহমান জানান, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা রয়েছে। এছাড়া বৈদ্যুতিক যানবাহনের প্রসার, পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জলাধারণের সক্ষমতা বাড়াতে ও বন্যার ঝুঁকি কমাতে পদ্মা ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনাসহ ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বিশাল বোঝা তৈরি করছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ। এই সংকট উত্তরণে তিনি বিশ্বনেতাদের সামনে পাঁচটি জরুরি প্রস্তাব পেশ করেন:
- ১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়া।
- ২. জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা, যার মধ্যে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ বা ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ অন্তর্ভুক্ত থাকবে।
- ৩. পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।
- ৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।
- ৫. ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
ভাষণের শেষাংশে জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে কার্যকর পদক্ষেপ ও বৈশ্বিক সংহতি জোরদারের মাধ্যমে কপ-৩১ সম্মেলন থেকে একটি অর্থবহ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
