সোমেশ্বরী নদীতে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুটি অস্থায়ী সেতু। তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত পাশাপাশি নির্মিত সেতু দুটির একটি দিয়ে মানুষ নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাবেন, অন্যটি দিয়ে ফিরবেন। সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে স্বস্তি ফিরেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে সেতু দুটির উদ্বোধন করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সেতু দুটি নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক মাস আগে কাঠ ও বাঁশ দিয়ে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রতিদিন অন্তত ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অনেকে কাজ করেছেন। সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬০০ ফুট। এর মধ্যে একটির প্রস্থ আট ফুট এবং অন্যটির ছয় ফুট।

সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, সাইকেল, রিকশা এবং জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ টোলমুক্ত রাখা হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ তদারকির জন্য একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবক এ পরিষদের নেতৃত্ব দেবেন। সেতু নির্মাণের খরচ বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং সেবামূলক কাজে ব্যয় করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিনটি ইউনিয়নকে বিভক্ত করেছে। এসব ইউনিয়নের কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। প্রতিদিন হাজারো মানুষ এ ঘাট ব্যবহার করেন। শীতকালে এ এলাকায় লাখো পর্যটকের আনাগোনা থাকে।

স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস বর্ষাকালে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। অন্যদিকে, শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে ধু-ধু বালুর ওপর দিয়ে হেঁটে কিংবা হাঁটুপানি পেরিয়ে নৌকায় উঠতে হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।

স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হতো। এবারও ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমাদের একটাই দাবি, সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।’

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এ সেতু জনগণের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের।’

সবাইকে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে মানবিক দুর্গাপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করছি, ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’

একাত্তর/কেআই
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ...
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। মামলার...
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর