গোটা বিশ্বে ভয় ধরাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এই ধরন আগের ডেল্টা থেকে ভয়ংকর না হলেও সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এ কারণে মহামারীতে আবারো নতুন ঢেউয়ের শঙ্কা।
এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র টিকা। তাই টিকা দিয়েই ওমিক্রন পরিস্থিতিতে সামাল দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে বিভিন্ন দেশ।
সেপ্টেম্বর থেকে আমেরিকাসহ বিশ্বের ৩৬টি দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আরো কয়েকটি দেশ এরইমধ্যে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
ওমিক্রনের আগে মনে করা হতো করোনা টিকার দুই ডোজ মানবদেহে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে।
কিন্তু গবেষকরা লক্ষ্য করেছেন টিকা দেওয়ার পরও মানুষের প্রতিরোধ ক্ষমতাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে করোনার এই ধরন।
করোনার বুস্টার ডোজ ওমিক্রনকে আটকাতে পারে কিনা, এর সঠিক উত্তর দিতে না পারলেও বর্তমান পরিস্থিতিতে বুস্টার ডোজের উপরেই জোর দিচ্ছেন একদল গবেষক।
একটি বিষয় উদ্বেগে ফেলেছে বিজ্ঞানীদের। সেটি হলো এই ধরনের মিউটেশন করার ক্ষমতা। সন্দেহ করা হচ্ছে করোনা টিকার কোনও প্রভাব এর উপরে নাও পড়তে পারে।
তবে আরেক দল বিজ্ঞানী মনে করেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকা একেবারেই কাজ করবে না, এমনটা হতে পারে না। ন্যূনতম সুরক্ষা মানুষ পাবে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে করোনা টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসায় ধনী কিছু দেশ বাড়তি আরেক ডোজ টিকা দিচ্ছে নাগরিকদের, যাকে বলা হচ্ছে বুস্টার ডোজ।
কিছু কিছু টিকা রয়েছে, যা একবার নেয়ার পর সারাজীবন ধরে কাজ করে। যেমন হেপাটাইটিস ও নিউমোনিয়ার টিকা। যা একটি মাত্র ডোজ নিলেই হয়।
আবার পোলিও অথবা টিটেনাসের মতো কিছু টিকা রয়েছে, যেগুলোর সুরক্ষা পেতে নিয়মিত বিরতিতে বুস্টার ডোজ নিতে হয়।
আবার, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে প্রতি বছর শীতে যেসব ভাইরাস আক্রমণ করতে পারে, সেগুলোর জন্য টিকা তৈরি করা হয়। এজন্য প্রতি বছর নিতে হয় টিকা, যা ফ্লু শট হিসাবে পরিচিত।
করোনা ভাইরাসের বয়স খুব বেশিদিন নয়। এটির চরিত্রও অন্যান্য ফ্লু ভাইরাসের মতো। তবে রূপ বদলের ক্ষমতা অনেক বেশি। তাই এর গতিপ্রকৃতি এখনো অজানা।
বিজ্ঞানীরা মনে করেন, করোনার সংক্রমণ এড়াতে আর নতুন ধরনের ভাইরাসের হামলা থেকে বাঁচতে প্রতিবছর বুস্টার টিকা হতে পারে।
তবে বুষ্টার ডোজ মানুষকে কতটুকু সুরক্ষা দিবে এনিয়ে কোন নিশ্চিয়তা দিতে পারেননি বিজ্ঞানীরা। তবে এটি জানার জন্য একটি ট্রায়াল শুরু হয়েছে যুক্তরাজ্যে।
এতে, করোনা কতদিন থাকবে এবং টিকা নেওয়ার পরেও সেটির বিরুদ্ধে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন কার্যকর থাকবে এসব জানার চেষ্টা করা হচ্ছে।
ব্র্যাডফোর্ড রয়্যাল ইনফার্মারির চিকিৎসক ড. জন রাইট জানান, সব সময় সুরক্ষার নিতে হবে এবং পর্যবেক্ষণে থাকতে হবে। তখন এটি মহামারির বদলে একটি সাধারণ রোগে পরিণত হবে।
একাত্তর/টিএ
