স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ষষ্ঠ গ্রেডের (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তাকে অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি বদলির আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে প্রশাসন শাখার সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বদলি বা পদায়নের আদেশ পুনর্বিবেচনার আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে কেবল আদেশে তথ্যগত বা প্রশাসনিক জটিলতা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।
এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে ফিরে আসা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নসহ অন্যান্য প্রশাসনিক কাজে যাওয়ার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন বা ছুটির পত্র সঙ্গে রাখতে হবে। অনুমোদিত ছুটির পত্র ছাড়া অধিদপ্তরে আসাকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন ও অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পদায়িত কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান না করলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে পরিচালক (প্রশাসন) বরাবর ই-মেইলে বিষয়টি জানাতে হবে। এ জন্য [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব বদলি ও পদায়ন আদেশের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
