দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বড় ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক দপ্তর স্থানান্তরেরও অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বা কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই নিকার সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিকারের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন থানা গঠনের পাশাপাশি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন দুটি পৌরসভারও অনুমোদন দিয়েছে নিকার। এর মধ্যে রয়েছে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর পৌরসভা’।
সভায় প্রশাসনিক নামকরণে সামঞ্জস্য আনতে ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে মিল রেখে সেখানকার ‘পাগলা থানা’-র নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাব অনুমোদন করা হয়।
পাশাপাশি দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরিত হবে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘বাংগরা’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাংগরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছে। অন্যদিকে পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
