লালমাটিয়া মহিলা কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ হচ্ছে বুধবার। প্রতিদিন এই কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী চার থেকে সাড়ে চার হাজার শিক্ষার্থী টিকা পাচ্ছেন।
বেশ আগ্রহ নিয়েই টিকা কেন্দ্রে ভিড় করে শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রে এসে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশনের মাধ্যমেই শিক্ষার্থীরা ফাইজারের টিকা পেয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম গতিশীল করতে গেলো পহেলা নভেম্বর থেকে শুরু হয় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার কর্মসূচি।
শুরুতে রাজধানীর ৮টি টিকা কেন্দ্রে টিকা দেয়া হচ্ছিলো। পরে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত আরো কয়েকটি কেন্দ্রেও শুরু হয় টিকা কার্যক্রম।
তেমনই একটি কেন্দ্র রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ। মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় টিকা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।
তাৎক্ষনিক নিবন্ধনের মাধ্যমেই দেয়া হচ্ছে ফাইজারের টিকা। শিক্ষার্থীরা জানান, করোনা প্রতিরোধের লড়াইয়ে সামিল হতে পেরে তাদেরও ভালো লাগছে।

মঙ্গলবার এই কেন্দ্রে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। সংশ্লিষ্টরা জানালেন, প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীকে এখানে টিকা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১
যেসব শিক্ষার্থীরা নভেম্বরে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজের কার্যক্রমও চলছে রাজধানীর নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
