ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বব্যাপী বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে থাকে।
বুধবার ইআইইউয়ের প্রকাশিত বিশ্বের বসবাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় ১৬৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
উল্টো দিক থেকে বললে বাসযোগ্যতার দিক থেকে খারাপ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা সপ্তম স্থানে আছে। গত বছর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এই সূচকে একই অবস্থানে ছিলো ঢাকা।
অর্থাৎ গত এক বছরে ঢাকা শহরে মানুষের জীবন-যাপনের মানের তেমন কোনও উন্নতি ঘটেনি।
২০১৯ সালে ইআইইউয়ের সূচকে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম এবং তার আগের বছর ২০১৮ সালে ছিল ১৩৯তম স্থানে। আর ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হলে বিভিন্ন দেশে লকডাউন জারি থাকায় জরিপের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয় ইআইইউ। ফলে ২০২০ সালে এই সূচক প্রকাশ করতে পারেনি তারা।
প্রতি বছর বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো— এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করা হয়।
একাত্তর/এআর
