আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। হিরো আলম সাধারণ ডায়েরি করার ২৪ ঘণ্টা না পেরোতেই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ওই ব্যক্তির নাম আবু আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের একটি দল তাকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।
সোমবার রাতে থানায় দেয়া সাধারণ ডায়েরিতে হিরো আলম অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। গালি দিতে নিষেধ করলে ওই ব্যক্তি সাত দিনের মধ্যে হিরো আলমকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।
এরপর পুলিশ তদন্তে নেমে হুমকিদাতাকে শনাক্তের পর আটক করে। অভিযুক্তকে ঢাকায় এনে বিস্তারিত জানানোর কথা বলেছে পুলিশ।
সম্প্রতি ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েন হিরো আলম। ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
ডিশ ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করা হিরো আলম ফেসবুক ও ইউটিউবে গান ও অভিনয়ের বিভিন্ন কনটেন্ট করেন।
২০১৮ সাল থেকে তিনটি উপনির্বাচনসহ চার আসন থেকে সংসদীয় ভোটে লড়েছেন। তবে একবারও জিততে পারেননি তিনি।
একাত্তর/আরবি
