জেলখানায় অপচিকিৎসার কারণেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, আজ দেশ ও জাতির প্রয়োজনে খালেদা জিয়াকে ভীষণ প্রয়োজন। পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছে।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন-বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তিনি কখনো দেশ ছেড়ে পালাননি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ওনাকে (খালেদা জিয়া) কারাগারে রেখে চিকিৎসার নামে ‘অপচিকিৎসা’ দেওয়া হয়েছে। আজ দেশ ও জাতির প্রয়োজনে খালেদা জিয়াকে ভীষণ প্রয়োজন। পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছে।

মির্জা আব্বাস বলেন, একজন অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কতটা যন্ত্রণার-তা একজন সন্তানই বুঝতে পারে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। অথচ এই সময়ে তারেক রহমান তার মায়ের পাশে থাকতে পারছেন না। এটি যে কত বড় যন্ত্রণার, তা সন্তান ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। তবে তাকে আশ্বস্ত করতে চাই-আমরা দেশনেত্রীকে বুঝতে দেবো না যে, তার সন্তান অনেক দূরে। তিনি আমাদের সকলের মা, এখানে লাখো সন্তান আছি তার জন্য।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে লালন-পালন করেছেন। তাদের অবদান না থাকলে এ দেশে গণতন্ত্রের সুবাতাস বইত না। যখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখনই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হাসিনা বলেছিলেন- একদিনও শান্তিতে থাকতে দেবেন না এবং তিনি তা করেছিলেন।

একটি দল দেশের বিরুদ্ধে কাজ করছে এবং ধর্মীয় ইস্যু ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এরা মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা বলে-পুলিশ ও প্রশাসন আমাদের কথামতো চলবে। এ দল কখনো দেশের মঙ্গল চায়নি। ১৯৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে।
বিএনপি সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে উল্লেখ করে আব্বাস বলেন, বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ। যারা মুসলমানের লেবাস পরে মন্দিরে গিয়ে নাচানাচি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন-জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। জাতিকে সকল বিভাজন থেকে মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা