বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
গঠিত এই আংশিক আহবায়ক কমিটিতে মিজানুর রহমান রাজকে আহবায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটেরও নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে এবং যুগ্ম আহবায়ক পদে মনোনীত হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম। এছাড়া এই আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
