রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচ ও ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশ ও তার পরবর্তী সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এদিন সকালে কারাগার থেকে মামলার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও শুরুতে হাজির করা হয়নি সাবেক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানকে। পরে ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিলে দুপুর দেড়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
কারাগারে থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৩০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং তার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে তদন্তে।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে প্রধানত দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ ২০১৩ সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনের মৃত্যুর ঘটনা। দ্বিতীয় অভিযোগ- পরদিন ছয় মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে আরও ২০ জনসহ মোট ৫৮ জনের মৃত্যুর ঘটনা।
এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদেশের জন্য দিন ধার্য করবেন বলে জানা গেছে।
