কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
ওই বসতবাড়িটিকে ‘দীর্ঘদিনের পরিত্যক্ত’ বলে উল্লেখ করায় এবং অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের’ কথা বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর প্রশ্ন, এমন একটি নাশকতামূলক হামলার ঘটনাকে কেন লঘু করে দেখাতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী?
বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টে নুসরাত এই তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন। এর আগে জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেছিলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড়িটিতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তবে তিনি দাবি করেন, ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক সংযোগের তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তাৎক্ষণিক ও কড়া প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম ক্ষোভ উগরে দিয়ে লেখেন, বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!
স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ইঙ্গিত করে কটাক্ষ করতেও ছাড়েননি এই তরুণ সংসদ সদস্য। তিনি লেখেন, আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।
পোস্টে নুসরাত দাবি করেন, তাঁর দৃঢ় বিশ্বাস এই হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জড়িত। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে হালকা করে দেখানোর চেষ্টা করলেন, সেই প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, তাঁর নিজের বসতবাড়ি যদি পরিত্যক্ত হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও পরিত্যক্ত কি না! পোস্টের একদম শেষাংশে তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি লেখেন, “ছিঃ!”
এদিকে, পৈতৃক বাড়িতে আগুন ও হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতেই কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতার নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এমপি নুসরাতের বাড়ির আগুনের উত্তাপ সংসদে, তদন্তের নির্দেশ স্পিকারের
বাড়িতে আগুন, আওয়ামী লীগকে দুষলেন নুসরাত