আরব আমিরাতের দুবাই থেকে চুরি যায় প্রয়াত ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ব্যবহার করা একটি ঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে।
প্রায় ৯৭ হাজার দিরহাম মূল্যের ঘড়িটি আসামের বাসিন্দা ওয়াজিদ হুসেনের ঘর থেকে শনিবার উদ্ধার করা হয়। তিনি দুবাইকে কাজ করতেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন।
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, দুবাই ও আসাম পুলিশের যৌথ প্রচেষ্টায় ঘড়িটি উদ্ধার করা হয়েছে। বিশ্বখ্যাত হুবলোট ব্রান্ডের এই ঘড়ি ম্যারাডোনা ব্যবহার করতেন।
আসাম পুলিশের মহাপরিচালক জানান, ওয়াজিদ দুবাই থেকে ঘড়িটি চুরি করার পর দেশে পাড়ি জমান। তবে চুরির কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।
তিনি বলেন, দুবাই পুলিশের কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তারা জানতে পারেন ওয়াজিদ ঘড়ি নিয়ে আসামে এসেছে। পরে, শিবসাগরে তার বাড়িতে অভিযান চালিয়ে ঘড়িটি উদ্ধার করা হয়।
ম্যারাডোনার সই করা এই দামি ঘড়িসহ তার ব্যবহৃত আরো অনেক জিনিসপত্র দুবাইয়ের এক নিরাপদ যাদুঘরে রাখা আছে। তারপরও কিভাবে সেটি চুরি গেলো তা খতিয়ে দেখছে পুলিশ।
আটক ওয়াজিদ হুসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে আসামের পুলিশ।
