শনিবার প্রিমিয়ার লিগের বৃষ্টিভেজা রাতে গানারদের আসল উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। নিজের মাইলফলক ছোঁয়া ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠের দুই প্রান্তেই অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে এভারটনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটির সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে শক্ত কামড় বসালো মিকেল আর্টেটার শিষ্যরা।

নিয়মিত রক্ষণ সঙ্গী উইলিয়াম সালিবার অনুপস্থিতিতে আর্সেনাল ডিফেন্সের পুরো নেতৃত্ব ছিল ব্রাজিলের গ্যাব্রিয়েলের কাঁধে। এমিরেটস স্টেডিয়ামে প্রতিপক্ষ এভারটনের ফরোয়ার্ড থিয়ার্নো ব্যারিকে পুরো ম্যাচেই পকেটে পুরে রাখেন এই ব্রাজিলিয়ান তারকা। একের পর এক ডুয়েল হেরে ক্ষোভে মাঠে মাথা কোটাতে বাধ্য হন ব্যারি।
শুধু ডিফেন্স সামলানোই নয়, প্রথমার্ধে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিশ্চিত গোলের হাত থেকে বল গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে এগিয়ে রাখেন গ্যাব্রিয়েল। প্রথমার্ধের ৭ম মিনিটে আরেক সেন্টার ব্যাক এজরি কোনসার কর্নার থেকে পাওয়া গোলটির পর গ্যাব্রিয়েলের এই সেভ ম্যাচের গতিপথ বদলে দেয়।

ম্যাচের একপর্যায়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়ার আশঙ্কা তৈরি হলেও সেই যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে ৬৮তম মিনিটে শূন্যে লাফিয়ে বেন হোয়াইটের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন গ্যাব্রিয়েল। এটি ছিল প্রিমিয়ার লিগে তাঁর ২১তম গোল, যা বিগত ছয় বছরে যেকোনো ডিফেন্ডারের মধ্যে সর্বোচ্চ।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকার বন্দনায় মেতে ওঠেন আর্সেনাল বস মিকেল আর্টেটা। তিনি স্পষ্ট বলেন, কোনও সন্দেহ ছাড়াই গ্যাব্রিয়েল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক। বক্সে ওর উপস্থিতি, নেতৃত্ব আর লড়াই করার মানসিকতা একদম অনন্য। সতীর্থ ডিফেন্ডার এজরি কোনসাও প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেন, গ্যাব্রিয়েল একজন টপ খেলোয়াড় এবং সেরা মানুষ। ওর পাশে খেলাটা সত্যিই দারুণ উপভোগ্য। চোটের যন্ত্রণা দূরে ঠেলে আর্সেনালকে লিগ চূড়ায় বসানোর পর আর্সেনাল ভক্তদের নয়নের মণি এখন এই ব্রাজিলিয়ান প্রাচীর!
তথ্যসূত্র: রয়টার্স
